কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকায় লিচুগাছের ডাল ভাঙার অভিযোগে এক শিশুকে আছাড় মেরে নির্মম নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর আজ শুক্রবার (৫ জুন) বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটিকে গেঞ্জির কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাকে সড়কে ও শান বাঁধানো ঘাটে একাধিকবার আছাড় মারা হয়। মারধরও করা হয়। এ সময় লোকজনকে পাশে দাঁড়িয়ে নির্যাতনের চিত্র দেখতে দেখা যায়।
ওসি তৌহিদুল আনোয়ার স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, অভিযুক্ত ব্যক্তি শাসনগাছা বড় বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে অমি (৩০)। প্রতিবেশী মো. হাসানের শিশু সন্তান তাদের একটি লিচুগাছের ডাল ভেঙে ফেলে বলে অভিযোগ তোলেন তিনি। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে এ নির্যাতন করেন তিনি। অমি বদ মেজাজী বলে জানা গেছে। শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি ভিডিও ছড়িয়ে পড়ার পর পালিয়ে গেছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।