রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

রেলখাতকে লোকসান কাটিয়ে লাভজনক খাতে উন্নীত করার জোর তাগিদ দেওয়া হয়েছে। এতে যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজ বৃদ্ধি এবং কার্গো এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় বাড়ানোর জন্য সুপারিশ ও নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ অংশ নেন। এছাড়া কমিটির সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান এবং মো. গোলাম রব্বানী অংশগ্রহণ করেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি নতুন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের ঘোষিত কর্মপরিকল্পনা ও এর বর্তমান অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

আলোচনাকালে বাংলাদেশ রেলওয়ের ডিজিটাল সেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও তা বৃদ্ধির কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘদিনের সমস্যা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়। একই সঙ্গে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাবিত নতুন রুটের অগ্রগতি সম্পর্কেও বৈঠকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *