মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্য শূকর ও বানরের উপদ্রবে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো কষ্টের ফসল রক্ষায় এখন তাদের রাত জেগে উচু মাচাংয়ে বসে পাহারা দিতে হচ্ছে। ফসলি জমির পাশাপাশি লোকালয়ে এসে বসতবাড়ির কলাগাছ ও বিভিন্ন ফলদ গাছেও নিয়মিত হানা দিচ্ছে এই বন্য প্রাণীরা। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এলাকার সাধারণ কৃষক ও বাসিন্দারা।
উপজেলার সদর ইউনিয়নের লংগুরপার, দক্ষিণ বালিগাঁও বটতলা, সরইবাড়ি, ভেড়াছড়া, রাজটিলা, বাঘমারা ও কালাছড়াসহ মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও ও ভাসানীগাঁও এলাকায় বন্য প্রাণীর এই উপদ্রব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বিশেষ করে আউশ ও আমন ধান পাকার ঠিক আগমুহূর্তে বন্য শূকর ও বানরের দল দলবদ্ধভাবে ফসলি জমিতে হানা দিয়ে ফসল নষ্ট করে। এ কারণে জমির পাকা ধান রক্ষায় কৃষকরা নিজেরাই বাঁশ ও কাঠ দিয়ে উচু মাচাং তৈরি করে সেখানে বসে রাতভর পাহারা দিচ্ছেন। একটি মাচাং তৈরি করতেই খরচ হচ্ছে প্রায় দুই থেকে তিন হাজার টাকা। মাচাং তৈরি করে এভাবে রাত জাগা পাহারা না দিলে বন্য শূকরের তছনছ থেকে এক মুহূর্তের জন্যও ফসল রক্ষা করা সম্ভব হয় না।
দক্ষিণ বালিগাঁও এলাকার কৃষক আলম মিয়া বলেন, লাউয়াছড়া বনের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় বনভূমির পরিমাণ ও খাবার কমে গেছে। এর ফলে বন্য প্রাণীদের স্বাভাবিক আবাসস্থল ও খাদ্যসংকট তৈরি হয়েছে। বাধ্য হয়ে বন্য শূকর ও বানর রাতে লোকালয়ে এসে কৃষকদের ফসলি জমি নষ্ট করছে, যা আমাদের জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. আবু মিয়া জানান, শুধু ফসলি জমিই নয়, বসতবাড়ির কলাগাছসহ নানা ধরনের ফলদ গাছেরও ব্যাপক ক্ষতি করছে বন্য প্রাণী। দিনের বেলায় বানরের উৎপাত আর রাতে বন্য শূকরের তাণ্ডবে পুরো এলাকার মানুষ দিশেহারা। ধান কাটার মৌসুম আসলে এই আক্রমণ আরও বহুগুণ বেড়ে যায়। ফলস্বরূপ, কৃষকদের রাতের ঘুম হারাম হওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ ও শারীরিক শ্রম ব্যয় করতে হচ্ছে। রাতে মাচাংয়ে বসে কৃষকরা চিৎকার করার পাশাপাশি টিন ও প্লাস্টিকের ড্রাম পিটিয়ে শব্দ করে বন্য প্রাণী তাড়ানোর চেষ্টা করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, বন্য শূকরের এই আক্রমণ কেবল ফসলের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও এক বড় উদ্বেগের বিষয়। এর আগে ফুলবাড়ী চা বাগানে বন্য শূকরের আক্রমণে দুই চা শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সন্ধ্যার পর গ্রামীণ পথগুলোতে চলাচল করতেও আতঙ্কিত থাকেন স্থানীয়রা।
বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ‘সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার’-এর মৌলভীবাজারের সহসভাপতি মো. আব্দুল কাইয়ুম বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক হাজার ২৫০ হেক্টর এলাকার একটি বড় অংশ দখল হয়ে সেখানে নানা ধরনের বাণিজ্যিক চাষাবাদ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বনভূমি দখল ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণেই বন্য প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। এর ফলে মানুষ ও বন্য প্রাণীর মধ্যে দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, যেসব এলাকায় বন্য প্রাণীরা খাবারের জন্য লোকালয়ে হানা দিচ্ছে, আমরা সেই এলাকাগুলো দ্রুত চিহ্নিত করব। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হবে। মূলত বনের প্রাণীদের বেষ্টনী দিয়ে আটকে রাখা সম্ভব নয়, তবে মানুষের দুর্ভোগ লাঘবে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ক্ষেতের ফসল ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বেদখল হওয়া বনভূমি উদ্ধার এবং মানুষ ও বন্য প্রাণীর সংঘাত নিরসনে সংশ্লিষ্ট বন বিভাগকে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় প্রতি মৌসুমেই কৃষকদের উৎপাদিত ফসলের ক্ষতির পাশাপাশি এই নিদারুণ রাতজাগা দুর্ভোগ অব্যাহত থাকবে।