রবির পেসার হান্ট ফিরছে, এবার খোঁজা হবে স্পিনারও

দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে পেসার হান্ট। তবে এবার শুধু পেসার নয়, দেশজুড়ে প্রতিভাবান স্পিনারও খুঁজবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকছে নারী ক্রিকেটারদেরও।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী এই বোলার বাছাই কার্যক্রম। বিসিবির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগী হিসেবে থাকছে স্পন্সর প্রতিষ্ঠান রবি। দেশের মোট আটটি ভেন্যুতে হবে বাছাই কার্যক্রম, যার মধ্যে ঢাকায় থাকবে দুটি ভেন্যু। তবে সব ভেন্যুতে একই দিনে ট্রায়াল হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন দিনে চলবে বাছাই।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতি, বৈচিত্র্য ও স্পিন দক্ষতায় সম্ভাবনাময় বোলারদের খুঁজে বের করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাছাই কার্যক্রমে থাকবেন জাতীয় দলের আশপাশে থাকা কোচরা। নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় নির্বাচকরাও মাঠে উপস্থিত থাকবেন।

শুধু প্রতিভা খুঁজে বের করেই থেমে থাকতে চায় না বিসিবি। বাছাইয়ে উঠে আসা ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। দীর্ঘমেয়াদে তাদের জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ ক্রিকেটে পেসার হান্টের ইতিহাসও বেশ সমৃদ্ধ। এই ধরনের বাছাই কার্যক্রম থেকেই উঠে এসেছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও এবাদত হোসেনের মতো পেসাররা। ২০১৬ সালের রবির পেস হান্টে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন এবাদত হোসেনও। ওই প্রতিযোগিতায় প্রায় ৪০ হাজার তরুণ পেসারের মধ্যে ঘণ্টায় ১৩৯ দশমিক ৯ কিলোমিটার গতিতে বল করে সবচেয়ে দ্রুতগতির বোলার হয়েছিলেন তিনি।

এ বছর এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় পেসার হান্ট ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন রুবেল হোসেন। নিজের বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, পেসার হান্ট থেকে উঠে আসা ক্রিকেটার হিসেবে তিনি বিশ্বাস করেন, এই উদ্যোগ আবার শুরু হলে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো আরও প্রতিভাবান পেসার পাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *