যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কোনো টোল নেয়া হবে না, যদি না তা তার নিজের দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপ করা হয়।
শনিবার (২০ জুন) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক ভেঙে পড়তে পারে—এমন ইঙ্গিতের এটি সবশেষ উদাহরণ।
ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতির সময়সীমা হিসেবে নির্ধারিত ৬০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে কোনো টোল থাকবে না এবং ৬০ দিন শেষ হওয়ার পরও কোনো টোল থাকবে না—যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরান কৌশলগত চাপ সৃষ্টির উপায় হিসেবে হরমুজ প্রণালি ব্যবহার করে আসছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথটি নৌ-চলাচলের জন্য বন্ধ রেখেছে।
তবে বুধবার স্বাক্ষরিত যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, প্রণালিটি অন্তর্বর্তীকালীন ৬০ দিনের জন্য পুনরায় খুলে দেয়ার কথা। এসময়ে ইরান কোনো জাহাজের কাছ থেকে প্রণালি ব্যবহারের জন্য অর্থ বা টোল আদায় করতে পারবে না।
কিন্তু শনিবার ইরানের যৌথ সামরিক কমান্ড ঘোষণা করে যে তারা হরমুজ প্রণালি বন্ধ করেছে। তাদের দাবি, সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো ‘স্পষ্টভাবে লঙ্ঘিত’ হয়েছে।
অন্যদিকে অঞ্চলে সামরিক অভিযান তদারককারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে অস্বীকার করেছে এবং বলেছে যে জলপথটিতে এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
এসএন/কে