যশোরে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান।
প্রথম অভিযানে, রাত পৌনে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের রাজাপুর জামতলা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৬ কেজি গাঁজাসহ মনজুরা বুড়ি, আব্দুর রাজ্জাক, সোহেল রানা ও আব্দুল গনিকে আটক করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, রাত সোয়া নয়টার দিকে শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার একটি অটোরিকশা-ইজিবাইক গ্যারেজে অভিযান চালায় অপর একটি দল। সেখান থেকে চৌকির নিচে লুকানো ৩ কেজি গাঁজাসহ মামুন হোসেন নামে একজনকে আটক করা হয়। উপ-পরিদর্শক মদনমোহন সাহা এ বিষয়ে পৃথক মামলা দায়ের করেছেন। আটক পাঁচজনকেই আইনগত ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।