ফ্ল্যাটের বাইরে তালা, ভেতরে দুই শিশু, পাশের কক্ষে গৃহবধূর মরদেহ

জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকায় একটি ছয়তলা ভবনের ভাড়াবাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) সকালে ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ইসরাত জাহান দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার মুদি ব্যবসায়ী কাওসার আহমেদ শাওনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন তারা। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে কাওসার তার দুই সন্তানকে (৬ ও ১০ বছর) পাশের কক্ষে আটকে রেখে স্ত্রী ইসরাতকে মারধর করেন। রোববার সকালে ফ্ল্যাটের বাইরে থেকে তালা দিয়ে তিনি পালিয়ে যান। পরে আটক শিশুরা জানালা দিয়ে চিৎকার করলে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে তালা ভেঙে শিশুদের উদ্ধার করে এবং পাশের কক্ষে গৃহবধূর মরদেহ দেখতে পায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড এবং তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *