যশোরের মণিরামপুরে ৩ বেকারিতে অভিযান, জরিমানা

যশোরের মণিরামপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবারে অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং পণ্যে অগ্রিম উৎপাদনের ভুয়া তারিখ দিয়ে বাজারজাত করার অভিযোগে তিনটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

২২ জুলাই (বুধবার) টেংরামারি বাজার ও রোহিতা বাজারে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে টেংরামারি বাজারের ‘মায়ের দোয়া বেকারি’ ও ‘ফাহিমা ফুডস’ এবং রোহিতা বাজারের মেহেদি ফুড প্রোডাক্টস’ এ চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। এছাড়া এসব বেকারিতে তৈরি খাবারে ক্ষতিকর রঞ্জক পদার্থ, অননুমোদিত স্যাকারিন ব্যবহার এবং পণ্যের প্যাকেটে অগ্রিম তারিখ ও মেয়াদ উল্লেখ না করে বাজারজাত করার প্রমাণ মিলেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ‘মায়ের দোয়া বেকারি’ ও ‘ফাহিমা ফুডস’কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং ‘মেহেদি ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান ও জরিমানার বিষযে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। এসব বেকারিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছিল এবং ভোক্তাদের প্রতারিত করতে পণ্যে অগ্রিম তারিখ দেওয়া হচ্ছিল। এর আগেও তাদের বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সরকারি নির্দেশনা মানেনি। জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। হঠাৎ এই অভিযানে স্থানীয় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এই ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *