মেসির অবসর নিয়ে চূড়ান্ত ইঙ্গিত!

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক যাত্রার শেষটা মেসির জন্য বিশেষ করে তুলতে চায় আর্জেন্টিনা। সমর্থকদের সামনে কিংবদন্তি এই ফুটবলারকে সম্মান জানাতে প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়টাকে আবেগঘন করে তুলতেই দেশের মাটিতে বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর থেকেই মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রানার্সআপ পদক গ্রহণের সময় আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। চোখের জলে ভেসে ওঠা সেই মুহূর্ত আরও বাড়িয়ে দেয় তার অবসর নিয়ে জল্পনা।

তবে বিইএন স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এর মধ্যেই এএফএ দেশের মাটিতে একটি বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। যেখানে হাজারো সমর্থকের সামনে জাতীয় দলের জার্সিতে মেসিকে সম্মান জানানোর সুযোগ তৈরি হবে।

এএফএর পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটির ঘোষণা আগেভাগেই দেওয়া হবে, যাতে আর্জেন্টিনার ভক্তরা প্রিয় তারকাকে শেষবারের মতো কাছ থেকে দেখার সুযোগ পান। পাশাপাশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য মেসিকে দলে রাখার কথা ভাবছেন বলে জানা গেছে।

বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে আট ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। তার নেতৃত্বেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসির অবদান অনন্য। দীর্ঘ অপেক্ষার পর তার নেতৃত্বেই ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে ২৮ বছরের ট্রফিখরা কাটায় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপাও জয় করে আলবিসেলেস্তেরা।

জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ, সর্বাধিক গোল ও সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ড মেসির দখলে। তাই তার বিদায় শুধু একজন ফুটবলারের বিদায় নয়, এটি আর্জেন্টিনার ফুটবলের এক সোনালি সময়ের সমাপ্তির প্রতীক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *