মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুদু এলাকায় এক বড় ধরনের যৌথ অভিযানে ৪৭২ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ইমিগ্রেশন বিভাগের ২১৮ জন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার মোট ৩৩৭ জন সদস্য যৌথভাবে এই অভিযানে অংশ নেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক হামশা ইনজাউ বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, চীন, সৌদি আরব ও জিম্বাবুয়ের নাগরিক। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষে অতিরিক্ত সময় অবস্থান করা এবং অস্বীকৃত বা সন্দেহজনক কাগজপত্র বহনের অভিযোগে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তদন্ত চলছে।

আটক সবাইকে পরবর্তী আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। তবে অভিযান চলাকালে যাদের বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র ছিল, তাদের ছেড়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটিতে কেনাকাটা ও ভ্রমণের উদ্দেশ্যে এসে তারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন।

লেবুহ পুদু এলাকায় বিদেশিদের অতিরিক্ত উপস্থিতি এবং কিছু ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালিত হওয়ার একাধিক অভিযোগের ভিত্তিতেই এ সমন্বিত অভিযান চালানো হয়। 

ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট জানিয়েছে, অবৈধ অবস্থানকারী ও ভিসার মেয়াদ উত্তীর্ণ বিদেশিদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ বিদেশিদের স্বেচ্ছায় দেশে ফিরতে সরকার ঘোষিত ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’র সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *