ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীদের সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি ও আচরণের অভিযোগে সুমন হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুমন হোসেন মথনপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয়দের অভিযোগ, সুমন দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার তাকে মাদ্রাসা এলাকা থেকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে জুতার মালা পরিয়ে পুরো এলাকায় ঘোরানো হয়।
কুমারহাটি গ্রামের বাসিন্দা ও অভিভাবক মশিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে এমন উত্ত্যক্তের কারণে তারা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গৌরাঙ্গ কুমার বলেন, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ থানায় জমা হয়নি।