মরক্কো ম্যাচের লাইনআপ চূড়ান্ত আনচেলত্তির

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ রোববার (৭ জুন) মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। এই জয়ের পর আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের জন্য তিনি সেরা একাদশ বেছে নিয়েছেন।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয়ের পর মিশরের বিপক্ষেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে ব্রাজিল। টানা দুই জয়ে দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াও বেশ জমে উঠেছে বলে মনে করছেন কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘মরক্কোর বিপক্ষে খেলার জন্য আমি প্রাথমিক লাইনআপ ঠিক করে ফেলেছি। এখন আমার ধারণা একদম স্পষ্ট।’

আগামী ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো যে তাদের জন্য সহজ প্রতিপক্ষ হবে না, তা ভালোই জানেন আনচেলত্তি। তিনি মূলত আক্রমণভাগে ভিনিসিয়াস ও রাফিনিয়ার রসায়ন নিয়ে দারুণ সন্তুষ্ট। তার মতে, এই দুই তারকার সমন্বয় ব্রাজিলের আক্রমণকে আরও ধারালো করে তুলবে।

আনচেলত্তি বলেন, ‘আমরা মনে হয় ভিনিসিয়াস ও রাফিনিয়া খুব ভালো কাজ করছে। তাদের দারুণ মিল, যা আমাদের সুযোগ করে দেবে। দুজনের মাঝে সমন্বয়টা খুব ভালো মনে হয়েছে আমার কাছে।’

তবে দলের রক্ষণভাগের খেলোয়াড় ওয়েসলির চোট নিয়ে কিছুটা চিন্তায় আছেন কোচ। মাংসপেশির চোটে পড়া ওয়েসলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। আনচেলত্তি আরও জানিয়েছেন, ওয়েসলি খেলতে না পারলে সেই জায়গা পূরণে দানিলো বা ইবানেজকে ভাবা হচ্ছে। এছাড়া মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েসকে নিয়ে কোচের পূর্ণ আস্থা রয়েছে।

ডিফেন্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘ওয়েসলির চোট পরীক্ষায় আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মাংসপেশির সমস্যা, এটি দুঃখজনক। তবে আমাদের বিকল্প খেলোয়াড় আছে। মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল (মাগালায়েস) পরবর্তী ম্যাচে অপরিহার্য। তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, আমাদের সঙ্গে অনুশীলনে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।’

নতুন তরুণ তুর্কি এন্ড্রিককেও প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘এন্ড্রিক মানসম্পন্ন খেলোয়াড়। তার ফিনিশিং যেমন দুর্দান্ত, তেমনি দলের অন্যরাও নিজেদের ভূমিকা দারুণভাবে পালন করছে। শুধু প্রথম একাদশ নয়, বেঞ্চের শক্তিও আমাদের বড় শক্তি। সঠিক পরিকল্পনায় খেলতে পারলে সাফল্য আসবেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *