ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় দুই নারীসহ ব্যাটারিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) ও মহানগরীর জুবলীঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে হঠাৎ একটি ট্রাক বের হয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার পর অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এসআই খালিদ বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং হাসপাতাল থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *