কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩ মে) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা জানান, এই কংগ্রেসের মাধ্যমে তারা আধুনিক ও নিরাপদ চাষাবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করেছেন। বিশেষ করে জমির ধরন অনুযায়ী সঠিক মৌসুমে সঠিক জাতের ফসল নির্বাচন, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও সবুজ সারের ব্যবহার বৃদ্ধি, আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি প্রয়োগ করে পরিবেশবান্ধব উপায়ে পোকা দমন, পানির অপচয় রোধ করে কম খরচে সেচ প্রদান এবং বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করা ও খাদ্যের পুষ্টিগুণ বজায় রাখার কৌশল।
অনুষ্ঠানে কুড়িগ্রাম খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, এক সময়ের খাদ্য ঘাটতির জেলা কুড়িগ্রাম এখন কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও নতুন প্রযুক্তির ব্যবহারে খাদ্যে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, সমবায় অফিসার নুর কুতুবুল আলম, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক এবং কৃষক প্রতিনিধি আল আমিন, মাসুদ তালুকদার ও কৃষাণী আর্জিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী।