ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন পুরুষ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে মনতলা এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী তিন নারী যাত্রী নিহত হন। 

দুর্ঘটনার খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত তিন পুরুষ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *