ভিনিসিয়াসকে পেতে রেকর্ড অর্থ দেওয়ার পরিকল্পনা আর্সেনালের

ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনও নতুন চুক্তির কোনো অগ্রগতি না হওয়ায় ব্রাজিলিয়ান উইঙ্গারকে ঘিরে জোরালো হচ্ছে ট্রান্সফারের গুঞ্জন। সেই সুযোগ কাজে লাগাতে এবার বড়সড় পরিকল্পনা করছে আর্সেনাল। ইংলিশ চ্যাম্পিয়নরা শুধু ক্লাব ইতিহাসের সর্বোচ্চ বেতনই নয়, প্রয়োজনে ব্রিটিশ ফুটবলের সবচেয়ে বড় ট্রান্সফার ফিও দিতে প্রস্তুত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ভিনিসিয়াসকে এমিরেটস স্টেডিয়ামে আনতে রেকর্ড অঙ্কের বেতনের প্রস্তাব তৈরি করছে আর্সেনাল। বর্তমানে রিয়ালে তিনি সপ্তাহে প্রায় ৪ লাখ ৭০ হাজার ইউরো আয় করেন। লন্ডনের ক্লাবটি এর চেয়েও বেশি পারিশ্রমিক দিতে রাজি, যা তাকে আর্সেনালের ইতিহাসে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার বানাবে।

তবে শুধু খেলোয়াড়কে রাজি করালেই হবে না। রিয়াল মাদ্রিদও তাদের অন্যতম সেরা তারকাকে ছাড়তে মোটা অঙ্কের অর্থ দাবি করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত–এর দাবি, ভিনিসিয়াসের জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরো বা ১৩৭ মিলিয়ন পাউন্ড চেয়েছে লস ব্লাঙ্কোরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ নির্ধারিত মূল্য থেকে এক ধাপও সরে আসতে রাজি নয়। ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব না পেলে তারা আলোচনার টেবিলেই বসবে না বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটির ঘনিষ্ঠ সূত্র।

এদিকে নতুন চুক্তি না হলে আগামী বছরের জুনে তিনি ফ্রি এজেন্ট হওয়ার পথে এগোবেন। সে পরিস্থিতি এড়াতে রিয়াল শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করে নাকি বড় অঙ্কের অর্থের বিনিময়ে তাকে বিক্রি করে, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *