ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’

পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নে এক নতুন মাইলফলক যুক্ত হলো। চীনের সানিয়া বন্দরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘হাঙ্গর-ক্লাস’ সিরিজের প্রথম সাবমেরিন ‘পিএনএস/এম হাঙ্গর’ আনুষ্ঠানিকভাবে কমিশন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই সাবমেরিনটি পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের অনন্য নিদর্শন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি এই অর্জনকে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পাকিস্তান সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সক্ষম।

পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ অনুষ্ঠানে বলেন, বর্তমানে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা বিভিন্ন ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে হাঙ্গর-ক্লাস সাবমেরিনগুলো আরব সাগর ও ভারত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সাবমেরিনগুলোতে রয়েছে উন্নত সেন্সর এবং ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন’ (এআইপি) প্রযুক্তি। যা একে দীর্ঘ সময় পানির নিচে থাকতে ও শত্রুর রাডার ফাঁকি দিতে সাহায্য করবে।

উল্লেখ্য, ‘হ্যাঙ্গর’ নামটি পাকিস্তানের নৌ-ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের যুদ্ধে এই নামের সাবমেরিনটিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম কোনো সাবমেরিন হিসেবে একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করেছিল। নৌপ্রধান জানান, নতুন এই সাবমেরিনটি সেই পুরনো গৌরবকে ধারণ করে আধুনিক সক্ষমতার সঙ্গে এগিয়ে যাবে। এই অর্জনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নৌবাহিনীসহ পুরো জাতিকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *