সোমবার পর্দা উঠছে ডিপিএলের

নানা নাটকীয়তা শেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সোমবার (৪ মে) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে দেশের প্রথম শ্রেণির এই ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের। প্রথম দিনেই ছয়টি ভেন্যুতে মাঠে নামবে ১২টি দল। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।

বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে আবাহনী মাঠে নামবে ঢাকা লিওপার্ডস ক্লাবের বিপক্ষে। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান মুখোমুখি হবে সিটি ক্লাবের। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

পূর্বাচল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দুই নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে বসুন্ধরা স্ট্রাইকার্সের। পূর্বাচল ক্রিকেটার্স একাডেমির মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ লড়বে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আর বিকেএসপির চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

সাধারণত ডিপিএল অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। তবে এ বছর ব্যতিক্রম হয়েছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে বিদ্রোহ করে ক্লাবগুলো। সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় তারা।

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড কয়েকবার ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করলেও ক্লাব কর্তৃপক্ষরা সাড়া দেয়নি। যে কারণে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড আর ডিপিএল আয়োজন করতে পারেনি।

এরপর গত মাসের শুরুর দিকে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয় সেই কমিটির।

দায়িত্ব পাওয়ার পর ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে তামিমের বোর্ড। এরপর ঘোষণা দেয় ডিপিএল আয়োজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *