ভারতে অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ দেশে পৌঁছেছে

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২২ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার মরদেহ বাংলাদেশের ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সজীব বালা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশ সাজুর মরদেহ ভোমরা স্থলবন্দরে হস্তান্তর করে। এ সময় ভোমরা বিওপি বিজিবির উপস্থিতিতে ইমিগ্রেশন পুলিশ মরদেহ গ্রহণ করে। পরে নিহত সাজুর ভাই নুরুন্নবীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে সাজুসহ পাঁচজনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, নিহতদের মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ ভারতে সৎকার করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। রেবতী সরকারের ছেলে অনিক সরকার জানান, প্রয়োজনীয় নথিপত্র ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিউমার্কেট থানার পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। এরপর কলকাতাতেই তার মায়ের সৎকার সম্পন্ন করতে চান তারা।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো. খালেদ জানান, রেবতী সরকারের পরিবার কলকাতাতেই মরদেহ সৎকারের আগ্রহ প্রকাশ করেছে। তবে এজন্য পশ্চিমবঙ্গ সরকারের স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। বিষয়টি নিয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *