রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিল, ওষুধের দোকান ও পাটের গোডাউনসহ অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দিনগত রাত পৌনে ৩টার দিকে বহরপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আব্দুল জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লা ও মিল্টন মোল্লার পাটের গোডাউন, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং সুমনের ওষুধের দোকানসহ ১০টি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
সংবাদ পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সোয়া ৩টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি থানা পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে অংশ নেন।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সালাউদ্দিন লস্কর বলেন, দীর্ঘ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।