ব্রাজিল তারকাকে পেতে তিন ক্লাবের লড়াই

চলমান দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিককে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে স্পেনের তিন ক্লাব। তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে জোরালোভাবে এগিয়ে রয়েছে রিয়াল সোসিয়েদাদ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-এর প্রতিবেদন অনুযায়ী, এন্ড্রিকের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছে সোসিয়েদাদ। মূলত ধারে এই তরুণ তারকাকে নিজেদের শিবিরে টানতে চায় ক্লাবটি।

সোসিয়েদাদের কোচিং স্টাফরা এমন একজন আক্রমণভাগের খেলোয়াড় খুঁজছেন, যিনি নিজের দুর্দান্ত গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে পারেন। আর এন্ড্রিকের মধ্যে ঠিক সেই সামর্থ্যটাই দেখতে পাচ্ছে তারা।

অবশ্য এন্ড্রিককে দলে টানার চেষ্টা এই প্রথম করছে না সোসিয়েদাদ। এর এক বছর আগেও তাকে ধারে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাস্ক অঞ্চলের এই ক্লাবটি। তবে শেষ মুহূর্তে চোটের কারণে সেই চুক্তি আর আলোর মুখ দেখেনি।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, এন্ড্রিককে দলে ভেড়াতে খোঁজখবর নিচ্ছে রিয়াল বেতিস এবং ভিয়ারিয়ালও। আগামী মৌসুমে তিনটি ক্লাবই ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেবে। আর নিজের খেলার ধার বজায় রাখতে ইউরোপের বড় মঞ্চে নিয়মিত খেলার সুযোগ চান এন্ড্রিকও।

এদিকে রিয়াল মাদ্রিদে ইয়ান দিওমান্দে ও কার্লোস এসপির মতো নতুন মুখদের আগমন ঘটায় দলে এন্ড্রিকের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে। লস ব্লাঙ্কোসদের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগও তিনি পাননি।

তবে সোসিয়েদাদ সমর্থকদের কাছে এন্ড্রিক বেশ পরিচিত নাম। এর আগে ২০২৪-২৫ মৌসুমের কোপা দেল রে সেমিফাইনালের দুই লেগেই সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত দুটি গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান।

সব মিলিয়ে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ৭টি গোল করেছেন এন্ড্রিক। এর আগে গত মৌসুমের প্রথমার্ধের পর ফরাসি ক্লাব লিওঁতে ধারে খেলতে গিয়ে ২১ ম্যাচে ৮টি গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই তরুণ তুর্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *