জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা চলছিল, সেটির ইতি টেনে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের সিদ্ধান্তের কথা জানান সান্তোস ফরোয়ার্ড। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
অবসরের ঘোষণা দিলেও জাতীয় দল নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে আমার পথচলা এখানেই শেষ। আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য আমি আমার রক্ত, আমার জীবন, সবকিছু উজাড় করে দিয়েছি। সব সময় লড়াই করেছি। কিন্তু এখন বিদায় বলার সময় এসেছে।’
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে খেলেছেন নেইমার। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই জাতীয় দলকে বিদায় জানালেন তিনি।
২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সেই ম্যাচেই করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ১৩১টি ম্যাচ। করেছেন ৮০ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯টি গোল।