ব্যবসা পরিচালনা; সহজ হচ্ছে নিবন্ধন, অনুমোদন ও করসেবা

ব্যবসা পরিচালনার খরচ কমাতে ডি-রেগুলেশনের অংশ হিসেবে আগামী বাজেটে থাকছে একগুচ্ছ ঘোষণা। ব্যবসা-বাণিজ্য করতে যেসব লাইসেন্স ও পারমিশন লাগে, সেগুলো খুব সহজে এবং অল্প সময়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমন একটি ব্যবস্থা চালু করা হবে যার অধীনে, নতুন লাইসেন্স বা ব্যবসা সম্প্রসারণের অনুমোদন চাওয়া প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে সাময়িক বা অন্তর্বর্তীকালীন অনুমতিপত্র (প্রভিশনাল পারমিশন) পেয়ে যাবে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত লাইসেন্স দিতে ব্যর্থ হয়—তাহলে ওই ব্যবসায়ীকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে বলে গণ্য হবে।

এছাড়া, বছর বছর বিভিন্ন লাইসেন্স ও পারমিশন নবায়ন করার ঝামেলা থেকে ব্যবসায়ীদের রেহাই দিতে সব ধরণের লাইসেন্স ও অনুমতির মেয়াদ ৫ বছর করার ঘোষণা থাকছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগকারীদের জন্য অযথা বিলম্ব কমানো, নথিপত্রের পুনরাবৃত্তি দূর করা এবং সামগ্রিক অনুমোদন প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করার লক্ষ্যেই এই পদক্ষেপগুলোর নকশা করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তৃতায় “ডিরেগুলেশনের মাধ্যমে ব্যবসা সহজীকরণ” শিরোনামে একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। সেখানে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে ডিরেগুলেশন, সংস্কারের পদ্ধতি প্রক্রিয়া সহজীকরণ ও কর ছাড় দেওয়ার কথা বলা আছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এর মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর পূর্ণাঙ্গ অটোমেশনসহ কর প্রশাসনের আধুনিকায়নে ধারাবাহিক কিছু সংস্কার এই বাজেটে অন্তর্ভুক্ত থাকবে বলেও জানা গেছে।

এর মধ্যে রয়েছে অনলাইনে করপোরেট ট্যাক্স রিটার্ন ফাইলিং, বছরজুড়ে রিটার্ন জমা দেওয়ার সুবিধা এবং সময়মতো বা আগেভাগে রিটার্ন জমাকারীদের জন্য বিশেষ প্রণোদনা। তবে বিলম্বে রিটার্ন জমাকারীদের জন্য থাকছে বাড়তি করের বোঝা।

করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা (ক্রেডিট) হবে কর রেয়াত বা ট্যাক্স রিফান্ডের টাকা এবং ব্যাপকভিত্তিক এই অটোমেশনের ফলে কর ব্যবস্থার প্রশাসনিক বিলম্ব ও হয়রানি কমে আসবে বলে আশা করা হচ্ছে। ইলেকট্রনিক রিটার্ন ফাইলিং এবং করদাতা সেবা নিশ্চিত করতে এই সংস্কারে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করা হবে বলে জানিয়েছেন এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *