বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এর আগে আজ শনিবার (২৩ মে) ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন। বিসিবির নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩৩টি মনোনয়পত্র থেকে ৩২টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছেন। কেবল একটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। এর আগে গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের আগে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল।
বিসিবি নির্বাচনে মোট তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচন হয়। এর মধ্যে ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা ভিত্তিক) এ পরিচালক পদ সংখ্যা ১০টি। এই ১০ পরিচালকের বিপরীতে মনোনয়ন জমা পড়েছিল ১৪টি। সেখানে থেকে যাচাই-বাছাই শেষে ১৩টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।
ক্যাটাগরি-২ (ঢাকা ভিত্তিক ক্লাব) এ মোট পরিচালক পদ ১২টি। এই ক্যাটাগরিতে মনোনয়ন পড়েছিল ১৮টি। যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ক্যাটাগরি-৩ (অন্যান্য প্রতিনিধি) এ পরিচালক পদ একটি। একটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে একটি, সেটি বৈধতা পেয়েছে।