বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। বিসিবি তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন ছিল আজ। যেখানে জমা পড়া ৩৩টি মনোনয়ন থেকে ৩২টি মনোয়ন বৈধ ঘোষণা করেছে বিসিবির নির্বাচন কমিশন।
আজ শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচন হলেন দুই ক্যাটাগরির মোট চারজন। অপেক্ষায় আরও দুজন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয়) থেকে মোট ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ২ পরিচালক পদের বিপরীতে তিনটি করে মনোনয়ন জমা পড়েছিল।
যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগের একজনের মনোনয়ন বাতিল হয়েছে। ফলে এই বিভাগের বাকি দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। নির্বাচিতরা হলেন- ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে এস.এম আব্দুল্লাহ ফুয়াদ।
তবে, আগামীকাল রোববার মনোনয়ন বাতিল হওয়া গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জসিম উদ্দিন খসরু আপিল করতে পারবেন। আপিলে তার মনোনয়ন বৈধ হলে এই বিভাগের জন্যও নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে পরিচালক পদের বিপরীতে একটি করে মনোয়নপত্র জমা পড়েছে। ফলে একক প্রার্থী হওয়ায় এই তিন বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে বোর্ডে আসছেন।
এই তিন বিভাগের পরিচালক হলেন— রাজশাহী বিভাগে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাইয়ুম চৌধুরী।
ক্যাটাগরি-৩ (অন্যান্য প্রতিনিধি) এ পরিচালক পদ একটি। একটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে একটি, সেটি বৈধতা পেয়েছে। ফলে এই ক্যাটাগরি থেকেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। এই ক্যাটাগরির নির্বাচিত হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।