বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা

২০২৬ বিশ্বকাপকেই নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক আসর হিসেবে আগেই জানিয়ে রেখেছিলেন নিকোলাস ওটামেন্ডি। টুর্নামেন্ট শেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

এর মাধ্যমেই শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে ১৭ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

জাতীয় দলের হয়ে মোট ১৩৯টি ম্যাচ খেলেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হারের ম্যাচটিই ছিল আলবিসেলেস্তে জার্সিতে তার শেষ ম্যাচ।

অবসরের ঘোষণায় ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যটাই এমন যে, আমার শেষ ম্যাচটিই ছিল বিশ্বকাপ ফাইনাল। যদিও আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবুও আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।’

দেশের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ পাওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও এখনই বুট জোড়া তুলে রাখছেন না আর্জেন্টাইন এই ফুটবলার। ক্লাব ফুটবলে নিজের ক্যারিয়ার চালিয়ে যাবেন তিনি। সম্প্রতি ইউরোপের পাঠ চুকিয়ে আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওটামেন্ডি।

এর আগে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো ইউরোপের বড় বড় ক্লাবে সফলতার সঙ্গে দীর্ঘ ১৬ বছর কাটিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *