বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা, আদালতে ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাসে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগ এনে বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আদালতের যুগ্ম ও দায়রা জজের এজলাস ও খাস কামরার দরজার কাঁচও ভাঙচুর করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন ও জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম অভিযোগ করেন, দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে যান। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন আদালতের বিচারক মো. উজ্জ্বল মাহমুদ। তাই আদালত থেকে বের হয়ে বিক্ষোভ করে স্বেচ্ছাসবেক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ওই বিচারককে প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটামও দেয়।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু জানান, আদালত থেকে বের হওয়ার পর তারা বিক্ষোভ করে। তিনি বলেন, ‘আদালতে বিদ্যুৎ না থাকায় বিচারক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করায় উত্তেজনা সৃষ্টি হয়।’ 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব বলেন, “আদালতের মতো একটি স্পর্শকাতর জায়গায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটি ‘মব কালচার’-এর বহিঃপ্রকাশ। তদন্তসাপেক্ষে এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ ঘটনার বিষয়ে বলেন, ‘আদালতের ভেতরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’ 

অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, আদালতের সামনে একটা ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে আদালত সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্র জানিয়েছে, বিদ্যুৎ প্রসঙ্গে বিচারক আসামিদের উদ্দেশে বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি সব জায়গায় খারাপ। বিচারক, কর্মকর্তা-কর্মচারী সবাই কষ্ট পাচ্ছেন৷ এখানে যারা আপনাদের লোক আছেন, তাদের একটু বলেন আদালত চলাকালে যেন বিদ্যুৎ থাকে। সেই ব্যবস্থা করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *