বিদ্যার জায়গা নিলো ইয়ামি!

পরিচালক সুজয় ঘোষ জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’র তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন। তবে এবার মূল চরিত্রে দেখা যাবে না বিদ্যা বালানকে। তার পরিবর্তে ‘কাহানি থ্রি’-তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়ামি গৌতম

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাহানি থ্রি’ আগের দুটি সিনেমার সরাসরি ধারাবাহিকতা হবে না। বিদ্যা বালানের পরিচিত চরিত্রকে এগিয়ে না নিয়ে নির্মাতারা সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে হাজির হচ্ছেন। তবে ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির রহস্য, সাসপেন্স ও আবেগঘন পরিবেশ অক্ষুণ্ণ রাখার পরিকল্পনা রয়েছে। নতুন কাহিনিতে ইয়ামি গৌতমকে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।

জানা গেছে, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে। নির্মাতা সুজয় ঘোষ গল্প ও নির্মাণশৈলীতে নতুনত্ব আনার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির স্বতন্ত্র আবহ ধরে রাখতে পুরো টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। ইয়ামি গৌতমের এই প্রজেক্টে যুক্ত হওয়ায় নির্মাতাদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

বিদ্যা বালান

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ এবং ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কাহানি টু: দুর্গা রানী সিং’—দুই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। দুটি সিনেমাই দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। তবে ‘কাহানি থ্রি’ নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *