মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, রোববার (৯ আগস্ট) ভোরে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান।
বিজিবি কর্মকর্তা আসিফ মাহমুদ আরও বলেন, নিহত তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলাও রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।