বিএনপি সরকার ইতোমধ্যে দেশের মানুষের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “তারা এরই মধ্যে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসংকট রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই সংকট মোকাবিলার সক্ষমতা যে তাদের নেই, ইতোমধ্যে সেটি প্রমাণিত হয়েছে।”
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বাংলা মোটর এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
সমাবেশের পর মিছিল বের করা হয়। মিছিলটি পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে— এক দফা দাবি। যদি সরকার মনে করে যে বিরোধী দল বা ১১-দলীয় জোট আমাদের কী করবে, আমরা বলবো ১১-দলীয় জোট কিছু করবে না, আপনাদের জনগণ রাস্তায় আপনাদের ধাওয়া দেবে। কারণ জনগণের পেটে আপনারা লাথি দিয়েছেন। এই সরকার জ্বালানিসংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, গণমাধ্যমের ওপর অবরোধ দিয়েছে।”
ক্ষমতাসীন বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে দলটির অন্য নেতারা বলেন, এই সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে। যারা জনগণের গলায় ছুরি বসায়, তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।
মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, দলের যুব সংগঠন যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এসএন/পিডিকে