ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ)-এর কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হিসেবে নিয়োগ পেয়েছেন ফারাহ নূর। গত ২৩ জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে বিএটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
আইন ও করপোরেট খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ফারাহ নূরের। এর মধ্যে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত। ২০০৫ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর লিগ্যাল ও বিজনেস পার্টনারিং বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ লিটিগেশন অ্যান্ড করপোরেট কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন ফারাহ নূর।
বিএটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে দেশের একটি শীর্ষস্থানীয় আইন প্রতিষ্ঠানে চার বছরের বেশি সময় অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস ট্রেনিং প্রোগ্রামে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ফারাহ নূর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও হংকংয়ে বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত উন্নয়ন কর্মসূচি ও বিশেষায়িত প্রশিক্ষণেও অংশ নিয়েছেন।
নতুন দায়িত্বে ফারাহ নূর বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদকে সহযোগিতা করার পাশাপাশি প্রতিষ্ঠানের গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নেতৃত্ব দেবেন।
নিয়োগ প্রসঙ্গে ফারাহ নূর বলেন, ‘এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। দুই দশকেরও বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকায় পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। সততা, সুশাসন ও কমপ্লায়েন্সের মান আরও উন্নত করতে আমরা একসঙ্গে কাজ করব। এমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যা কোম্পানির দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এই অর্জন আরও বেশি নারীকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।’