বাড়ি ফেরার পথে এসি ল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা

ছুটির দিনে বাড়ি ফেরার পথে সশস্ত্র ডাকাত দলের হামলার শিকার হয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড সাকিব হাসান খাঁন। শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত আকস্মিকভাবে তার ওপর চড়াও হয়। হামলাকারীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারাল দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর উপর্যুপরি আঘাত করতে শুরু করে। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জনপ্রশাসনের একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পরিচিত সাকিব হাসান খাঁনের ওপর এমন নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়লে মাঠ প্রশাসন, তার সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তার ওপর ছুটির দিনে এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্যও বড় উদ্বেগের বিষয়। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রশাসনিক ফোরামে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তার ওপর এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়। মুরাদনগর উপজেলার কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ এসি ল্যান্ড সাকিব হাসান খাঁনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

এই ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এই ঘটনায় আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *