বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া শিবিরে চোটের হানা

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। কিন্তু বাংলাদেশে আসার আগেই চোটের কবলে পড়েছে অসিরা।

বাংলাদেশে আসার আগে পাকিস্তানের বিপক্ষেও একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছিলেন মিচেল মার্শ। কিন্তু চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন এই তারকা অলরাউন্ডার। এমনকি আসন্ন বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে মার্শকে অধিনায়ক করে পাকিস্তান ও বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মার্শের আচমকা চোটে এখন পাকিস্তান সফরে ওজিদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষকব্যাটার জশ ইংলিস।

এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন মিচেল মার্শ। তবে তার দল প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামেননি মার্শ। ওই ম্যাচের পরই তিনি দেশে ফিরে যান।

পাকিস্তান সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলের বেশির ভাগ ক্রিকেটার গত সপ্তাহেই রাওয়ালপিন্ডিতে পৌঁছে গেছেন। কিন্তু গোড়ালির চোটের কারণে দলের সঙ্গে যেতে পারেননি মার্শ। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার (২৬ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।

মার্শের বিকল্প হিসেবে এখনো নতুন কারো নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সফরের স্কোয়াডে থাকা কুপার কনলিকে পাকিস্তান সফরেও ডেকে নেওয়া হতে পারে।

পাকিস্তান সফর শেষ করেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। ৯ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *