বক্স অফিসে ‘পেদ্দি’র দাপট, ৩ দিনেই আয় ১৯১ কোটি

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রাম চরণ অভিনীত ‘পেদ্দি’। দর্শকের আগ্রহ আর শক্তিশালী উদ্বোধনী আয়ের সুবাদে মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১৯১ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী,  ‘পেদ্দি’র বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৯১ দশমিক ৭ কোটি রুপি। এর মধ্যে ভারতের গ্রস আয় ১৪৯ দশমিক ৭ কোটি রুপি এবং নেট আয় ১২৫ দশমিক ২৫ কোটি রুপি। বিদেশি বাজার থেকে এসেছে প্রায় ৪২ কোটি রুপি। 

মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১৩৫ দশমিক ৩৬ কোটি রুপি আয় করে আলোচনায় আসে। একই সঙ্গে এটি রাম চরণের ক্যারিয়ারের অন্যতম বড় উদ্বোধনী সাফল্য হিসেবেও জায়গা করে নেয়।

দ্বিতীয় দিনে আয়ে কিছুটা পতন দেখা গেলেও তৃতীয় দিনে আবারও প্রবৃদ্ধি পেয়েছে ‘পেদ্দি’। বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটির ভারতীয় নেট আয় ছিল প্রায় ২৮ দশমিক ৮৫ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি। 

এদিকে বক্স অফিসের বর্তমান গতিধারা অব্যাহত থাকলে খুব দ্রুতই ২০০ কোটি রুপির বৈশ্বিক মাইলফলক স্পর্শ করবে ‘পেদ্দি’। ভারত ও আন্তর্জাতিক বাজারে সিনেমাটির প্রদর্শনী এখনও জোরালোভাবে চলমান রয়েছে। 

ট্রেড সূত্রের তথ্য অনুযায়ী, রাম চরণ অভিনীত ‘পেদ্দি’ প্রায় ৩৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। যদিও কিছু প্রতিবেদনে সিনেমাটির বাজেট ২৫০ থেকে ৩০০ কোটি রুপির মধ্যে বলে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *