মা হতে চলেছেন সোহিনী

বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই নতুন সুখবরের গুঞ্জনে আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার। কলকাতার একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।২০২৪ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। আগামী জুলাইয়ে তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হওয়ার কথা।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমার প্রিমিয়ারে সোহিনীর অনুপস্থিতি নিয়েও শুরু হয় নানা আলোচনা। এমনকি তাঁর অভিনীত ‘ফেরা’র প্রিমিয়ারেও দেখা যায়নি অভিনেত্রীকে। এরপর থেকেই মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সোহিনী বা শোভন। তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় রয়েছেন দুজনই। যদিও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না তাদের কাছের মানুষজন।

সূত্রের ভাষ্য, চলতি বছরেই মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা দম্পতি। তবে ব্যক্তিগত এই সুখবর আপাতত আড়ালেই রাখতে চাইছেন তারা।

২০২৩ সালের শেষ দিকে সোহিনীর সঙ্গে অভিনেতা রণজয় বিষ্ণুর সম্পর্ক ভাঙার খবর সামনে আসে। একই সময়ে শোভনের সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা দত্তর বিচ্ছেদের খবরও আলোচনায় ছিল। পরে সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই সম্পর্কের পরিণতিতেই ২০২৪ সালে বিয়ে করেন তারা।

সোহিনী সরকার বাংলাদেশের আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে ‘লহু’ শিরোনামের এক সিরিজে কাজ করছেন। চরকির এই সিরিজটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *