এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। ইতোমধ্যে সেটির জানানও দিয়েছে তারা। প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন প্রতিপকক্ষ– নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ ছন্দে আছে আর্লিং হলান্ডরা।
আজ শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘আই’ গ্রুপের এই ম্যাচটি। বাংলাদেশে সরসারি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
সমীকরণ বলছে, এই ম্যাচে যে দল জিতবে গ্রুপ সেরা হয়ে তারাই উঠবে নকআউটে। তবে কোনো কারণে ড্র হলে, গোল ব্যবধানে এগিয়ে থাকায় তখন সুযোগ থাকবে ফ্রান্সের। এবারের বিশ্বকাপে বেশ বিভিন্ন ম্যাচের ভবিষ্যদ্বাণী করে বেশ আলোচনায় ‘অপ্টা সুপারকম্পিউটার’। ফ্রান্স নরওয়ের এই লড়াই নিয়ে কি বলছে সুপারকম্পিউটার?
২৫ হাজারবার ম্যাচটি সিমুলেশন করার পর সুপারকম্পিউটার জানিয়েছে, ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫৯.৪ শতাংশ। বিপরীতে, নরওয়ের জয়ের সম্ভাবনা ২০ শতাংশ আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২০.৬ শতাংশ।
মুখোমুখি পরিসনংখ্যানেও এগিয়ে ফ্রান্সই। এর আগে সবমিলিয়ে ১৬টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ফ্রান্সের জয় ৭টি আর নরওয়ে জিতেছিল ৫টি। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছিল। তবে ফ্রান্সের বিপক্ষে নরওয়ের সর্বশেষ হয় ১৯৮৭ সালে। আর প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ বার মুখোমুখি হয়ে নরওয়ে জিততে পেরেছে মোটে দুইবার।
তবে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই দারুণ ছন্দে আছে নরওয়ে। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ইতোমধ্যে নিশ্চিত করেছে নকআউটে খেলা। দারুণ ছন্দে আছে আর্লিং হলান্ড-মার্টিন ওডিগার্ডরা। ফলে সতর্ক থাকতেই হবে ফ্রান্সকে।