ফ্রান্সকে ভয় নয়, বিশ্বকাপ জয়ের স্বপ্ন ইয়ামালের

জন্মদিনের কেক কাটার রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চ। ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের আগে লামিন ইয়ামালের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাস, ঐক্যের বার্তা আর বিশ্বজয়ের স্বপ্ন। একই সঙ্গে বর্ণবাদী মন্তব্যের জবাবও দিলেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড!

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে একদিকে যেমন দলের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল, অন্যদিকে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের বর্ণবাদী মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন তিনি।

সোমবার ছিল ইয়ামালের ১৯তম জন্মদিন। জন্মদিনের আয়োজন, গলায় হীরার হার, পরিবারকে ঘিরে আলোচনা এবং সামনে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ-সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্সেলোনার এই তরুণ তারকা।

সম্প্রতি মারিয়ানো রাজয় মন্তব্য করেছিলেন, ফ্রান্স দলে ‘আসল ফরাসি খেলোয়াড় নেই’। সেই বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ইয়ামাল স্পষ্ট জানিয়ে দেন, ফুটবলের মূল উদ্দেশ্য বিভাজন নয়, বরং মানুষকে একত্রিত করা।

ডালাসে সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, ‘মঙ্গলবার দারুণ একটি ম্যাচ হবে। কিন্তু ফুটবলের যদি কোনো উদ্দেশ্য থাকে, সেটি হলো মানুষকে এক করা। স্পেন ও ফ্রান্স-দুই দলই একীভূত সমাজের উদাহরণ। ফুটবলের কাজ মানুষকে এক করা, অন্যের মন্তব্য নিয়ে বিতর্ক করা নয়।’

বিতর্কের প্রসঙ্গ সরিয়ে মাঠের লড়াই নিয়েও আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বলেছেন তিনি। ফ্রান্সকে ভয় পান কি না-এমন প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাচ্ছি কি না। স্বাভাবিকভাবেই উত্তর হবে-না। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, কোনো ম্যাচকেই আমরা ভয় পাই না।’

বিশ্বকাপ সেমিফাইনালকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে উল্লেখ করলেও চাপ নিয়ে চিন্তিত নন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড, ‘ফুটবল ম্যাচের চেয়েও জীবনে অনেক বেশি কঠিন পরিস্থিতি আসে, তাই আমি একদম শান্ত আছি। আমি কোনো বাড়তি চাপ অনুভব করছি না। বরাবরের মতোই মাঠে নামব এবং দলের জন্য নিজের সেরাটা ঢেলে দেব।’

একই সঙ্গে বিশ্বকাপ জয়ের লক্ষ্যও লুকিয়ে রাখেননি ইয়ামাল। স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি নিজেকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখছি। সব শিরোপা জয়ের পথই কঠিন, তবে আমরা সবাই যদি নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বাস করতে পারি, তবে তা কেন বাস্তবে রূপ নেবে না?’

স্পেন ও ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *