কিলিয়ান এমবাপেকে ছাড়া ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনাল-এমন আশঙ্কাই ঘুরপাক খাচ্ছিল ফুটবল দুনিয়ায়। গোড়ালির চোট, অনুশীলনে অনুপস্থিতি আর ফরাসি গণমাধ্যমের একের পর এক প্রতিবেদনে স্পেন ম্যাচের আগে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই ধোঁয়াশা বেশিক্ষণ টিকতে দিলেন না দিদিয়ের দেশম। ফরাসি কোচ জানিয়ে দিলেন, তার সবচেয়ে বড় অস্ত্র পুরোপুরি প্রস্তুত!
বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন এমবাপে। আর্জেন্টিনার লিওনেল মেসিকে অ্যাসিস্টের ব্যবধানে পেছনে ফেলে থাকা এই ফরোয়ার্ডকে ঘিরেই ফ্রান্সের আক্রমণভাগ। তাই স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে তার ফিটনেস নিয়ে তৈরি হওয়া শঙ্কা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছিল সমর্থকদের মধ্যে।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছিল, এমবাপে এখনো গোড়ালিতে কিছুটা অস্বস্তি অনুভব করছেন। সেই কারণেই দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলন করেননি তিনি। তবে দেশম পরিষ্কার করে দিয়েছেন, এটি নতুন কোনো চোট নয় এবং উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই।
দ্য অ্যাথলেটিককে দেশম বলেন, ‘সে ভালো বোধ করছে।’ অনুশীলনের সময় কমিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফরাসি কোচ আরও বলেন, ‘অন্যদের মতো একটি ড্রিল ২০ মিনিটের জায়গায় ১৫ মিনিট করার অধিকার তারও আছে।’
দেশমের এই বক্তব্যে স্পষ্ট, এমবাপেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ফ্রান্সের টিম ম্যানেজমেন্ট। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে শতভাগ সতেজ রাখতেই অনুশীলনের চাপ কিছুটা কমানো হয়েছিল।
ফ্রান্সের জন্য সুখবর শুধু এমবাপে নন। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অরেলিয়েন চুয়ামেনিও ফিরছেন দলে। আগের ম্যাচে বেঞ্চে থাকলেও এবার তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশম।
চুয়ামেনিকে নিয়ে তিনি বলেন, ‘গত ম্যাচে সে বেঞ্চে থাকলেও চোটের ঝুঁকিটা অনেক বেশি ছিল। আজ সে বেশ ভালো আছে। আমি এটা বলব না যে সে শতভাগ সুস্থ হয়ে গেছে, তবে সে এখন সিলেকশনের জন্য প্রস্তুত।’
এমবাপের ফিটনেস এবং চুয়ামেনির প্রত্যাবর্তনে স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে পূর্ণশক্তির দলই পাচ্ছে ফ্রান্স। অন্যদিকে পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা স্পেনও নামবে আত্মবিশ্বাস নিয়ে।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় ‘লে ব্লুজ’ ও ‘লা রোহা’র লড়াইয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি!
এসএন/পিডিকে