রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে ‘ইমোরটোফ্লেক্স’ নামে একটি খাদ্যপণ্য মোড়কজাতকরণের (প্যাকেজিং) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ঘটা এই অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ মালামাল ও মেশিনপত্র ভস্মীভূত হয়েছে। এতে সুজন নামে এক শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন এবং আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর নাগাদ কারখানার প্রিন্টিং মেশিনে যান্ত্রিক ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়। কারখানায় দাহ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিকেল ৫টার মধ্যে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়। দগ্ধ শ্রমিক সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কারখানাটিতে ফায়ার সার্ভিসের কোনো ‘সেফটি প্ল্যান’ ছিল না এবং আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জামও চোখে পড়েনি। তিনি আরও জানান, শ্রমিকরা শুরুতে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। শুরুতে খবর দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতি ছাড়াই নিরিবিলি এলাকায় এই কারখানা স্থাপন করা হয়েছে। অনুমোদনহীন ও নিরাপত্তাহীনভাবে কারখানা প্রতিষ্ঠার জন্য মালিকপক্ষের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। পাশপাশি কারখানা তদারকিতে গাফিলতি থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পিপিএম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। আহত শ্রমিকের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।