দুটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা, আটক ২

জামালপুরে অভিযান পরিচলনা করে দুটি ইটভাটার চিমনি ধ্বংস এবং পাঁচ লাখ টাকা জরিমানাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ও গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস। এ সময় গোবিন্দপুর এলাকার জিরন ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ধ্বংস করা হয়। জিরন ব্রিকসে অভিযান পরিচালনার সময় মালিক বাবুর মা রুজিনা বেগম র‌্যাবের গাড়িতে হামলা করেন। এ সময় তিনি ব্রিকসে থাকা ইট দিয়ে  র‌্যাবের একটি গাড়ির কাঁচ ভেঙে ফেলেন। পরে তাকে আটক করে পুলিশ। একই সময় সরকারি কাজে বাধা দেওয়ায়  মাহফুজ হাসান সুজন নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে পিঙ্গলহাটি এলাকার যমুনা ব্রিকস অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্রিকসের চিমনি ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তর।

অভিযান শেষে সুকুমার দাস বলেন, দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে একটিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং চিমনি ভেঙে দেওয়া হয়েছে। আরেকটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিক পক্ষের কাউকে না পেয়ে চিমনি ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে—এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস।

অভিযান চলাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *