প্রকল্প টেকসই ও জবাবদিহিতায় রাখতে অংশীদারি মডেলে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন অর্থনীতির সংজ্ঞা বদলে গেছে। সরকারের পক্ষ সব কাজ একা করা সম্ভব নয়। তাই যেকোনো প্রকল্প বা কাজ  টেকসই ও জবাবদিহিতায় রাখতে সব কাজ সরকার করবে এই ধারণা থেকে বেরিয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করছে। ফলে  একদিকে যেমন কাজের মান বাড়বে পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি-সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) মডেল প্রতিষ্ঠায় নেদারল্যান্ড ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে নগরবাসীকে স্বচ্ছ ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও কাজ করবে প্রতিষ্ঠান তিনটি। সেইসঙ্গে নেদারল্যান্ডসের পানি নিষ্কাশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম নগরীর ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন ও জলপথকে কাজে লাগিয়ে পণ্য পরিবহণকে কাজে লাগাতে চায় সরকার। 

প্রতিষ্ঠান তিনটি এই চুক্তির আওতায়  যৌথভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ ওয়ার্ডের জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষা করবে পাইলট প্রকল্পের মাধ্যমে। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম তারিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক, স্থানীয় জনগণের পক্ষে ইসরাফিল খসরু বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *