যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করতে নতুন ভূমিকায় যুক্ত হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ‘সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ড’ এর স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
ক্রীড়াক্ষেত্রে অবদানের পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার স্বীকৃতি হিসেবে আফ্রিদিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এই উপলক্ষ্যে করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের মুহাম্মদ আলী শাহ অডিটোরিয়ামে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন- সিন্ধু পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জাবেদ আলম ওধো, সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান ও ট্রাফিক করাচির ডিআইজি, এসএসপি (মিডিয়া), ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে আফ্রিদির হাতে আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে আইজি জাবেদ আলম ওধো ও আফ্রিদি একে অপরকে সম্মাননা স্মারক দেন।
আফ্রিদির নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে আইজি জাবেদ আলম ওধো বলেন, ‘এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আফ্রিদি পুরো পুলিশ বাহিনীকে সম্মানিত করেছেন।’ এছাড়া পুলিশের ভেতরে খেলাধুলার প্রসার তাদের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।
তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যকর ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এ আয়োজন বাস্তবায়নে ব্যবসায়ী সমাজের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, চলতি বছরের নভেম্বরে পাকিস্তানের বিভিন্ন পুলিশ ইউনিটকে নিয়ে বড় পরিসরে জাতীয় ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নতুন দায়িত্ব নিয়ে আফ্রিদি বলেন, ‘আমার জন্ম করাচিতে। ছোটবেলায় সিন্ধু পুলিশের তিনটি ক্রিকেট দল ছিল। তখন থেকেই সিন্ধু পুলিশ ক্রিকেট দলের হয়ে খেলা এবং এই বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন ছিল।’
দায়িত্ব পেয়ে নিজের আনন্দ ও সম্মানের কথা জানিয়ে আয়োজকদের ধন্যবাদ দেন সাবেক এই অধিনায়ক। তরুণদের খেলাধুলায় ফেরানো এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সিন্ধু পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এর আগে সিন্ধু পুলিশের খেলাধুলার সার্বিক উন্নয়ন নিয়ে আইজি জাবেদ আলম ওধোর সঙ্গে আফ্রিদির একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।