গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা এলাকায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতাকর্মীরা। মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নানা কটূক্তিমূলক স্লোগান দেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলের ঘটনাটি ফেসবুকে লাইভ চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় গোপালগঞ্জ সদর থানার পুলিশ। অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের রাতুল মোল্লা, মুন্না শেখ, রিফাত শেখ, মেহেদী হাসান, মাঝিগাতী এলাকার রিশাদ শেখ ও চর সোনাকুড় এলাকার ছেলে হৃদয়।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার ছয়জনকে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মিছিলে অংশ নেওয়া ও উসকানি দেওয়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।