নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই। তিনি কখন, কেন এসেছেন সেটা জানতাম না। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে হামলার ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্য সচিব শোভন আহমেদ অভিযোগ করে বলেন, রোববার নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তিগতভাবে লালন আখড়াবাড়িসহ কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। বিকেলে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় তিনি লালন আখড়াবাড়িতে আসেন। সেখানে গান শুনে বের হচ্ছিলেন তারা। এ সময় দুজন নারী তার সঙ্গে ছবি তোলার কথা বলেন। ঠিক সেই মহূর্তে তাকে (নাসীরুদ্দীন) লক্ষ্য করে একজন ডিম ছোড়ে। এর পর পরই আরও ২০ থেকে ২৫ যুবক এসে উচ্চস্বরে গালাগাল করতে থাকে। একজন বলে, ‘তুই এখানে কেন আসছিস?’ এরপর তাকে মারতে এগিয়ে আসে। এ সময় তাকে রক্ষা করতে নেতাকর্মীরা ঘিরে রাখে। তেড়ে আসা ব্যক্তিদের হাতে লাঠিসোঁটা ছিল। কয়েকজন নেতা আহত হয়েছেন। দুই থেকে তিন মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে যায়। এরপর আখড়াবাড়ির ফটকের সামনে থাকা গাড়িতে ইট মেরে গ্লাস ভেঙে দেয় হামলাকারীরা।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যদি হামলা হয়ে থাকে, তবে সেটা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতিতে বিশ্বাস করে না। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *