পুলিশের কাজে বাধার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৩৪

নীলফামারীতে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতে ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিমলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় গ্রেপ্তার আসামি মো. সুজন ইসলামকে আদালতে সোপর্দ করার জন্য জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পুলিশ পাহারায় নেওয়া হচ্ছিল। বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের ফটকের সামনে পৌঁছালে একদল লোক বেআইনিভাবে সমবেত হয়ে আসামিরা গাড়ির পথরোধ করে। এ সময় তারা মাদক মামলার আসামি সুজন ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের কর্তব্য পালনে বাধা দেয় বলে অভিযোগ পুলিশের। একই সঙ্গে পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি ও পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার সময় ২০ জনকে আটক করা হয়। পরে তাদেরসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ঘটনার ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর শনিবার দিনগত রাত ১টা ৫ মিনিট থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে।

গ্রেপ্তার করা ৩৪ জনের মধ্যে নারীও রয়েছে। গ্রেপ্তার করা আসামি সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *