নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মঙ্গলখালী এলাকার মো. সাইদুর রহমান (৪৫), ইব্রাহিম কসাই (৪০) ও ব্রাহ্মণগাঁও এলাকার রাজন মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলখালী এলাকায় সাইদুর রহমানের টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাদের ধরে ফেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সাইদুরের কাছে ৩০০ পিস এবং ইব্রাহিমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধভাবে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বিশেষ অভিযানে আটক তিন মাদক কারবারিকে আইনি প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।