জামালপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ থেকে মাদক নির্মূলের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রত্যেক ধরনের খেলা সারা দেশে পরিচিতি করছেন।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। আজ স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে দর্শকদের উপস্থিতিই সেটি প্রমাণ করে। শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সুস্থ জাতি হিসেবে ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিতে চাই। খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। খেলাধুলার মাধ্যমে আমাদের ধৈর্য ও মননশীলতা বৃদ্ধি পায়। আসুন আমরা সবাই মিলে খেলাধুলার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলি।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে মোট আটটি দল নিয়ে গত ২৩ আগস্ট জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। রোববার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেলান্দহ উপজেলা একাদশ ও সরিষাবাড়ী উপজেলা একাদশ মুখোমুখি হয়। খেলায় সরিষাবাড়ী উপজেলা একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলা উপভোগ করতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে স্টেডিয়ামে।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রোদোয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।