দেশে ৩১ জুলাই পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন ধরে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। সে অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল।
বিষয়টির দিকে ইঙ্গিত করে আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫।
ইসি সচিব বলেন, যদি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন হয় বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।
এর আগে, গত মে মাসে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানান ইসি সচিব। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালা- সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ- আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের সুপারিশ এখনও পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াধীন আছে, এটা শেষ হলে সেটাও পাঠিয়ে দেব।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল এসে আজকে দুটি মনোনয়ন ফরম নিয়ে গেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম নেয়নি।