দুর্গাপূজায় ৫ ট্রেনের ‘সাপ্তাহিক ছুটি’ বাতিল

দুর্গাপূজায় যাত্রীদের বাড়তি চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চলবে। ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেনের সময়সূচিও প্রকাশ করেছে। পাশাপাশি যাত্রী পরিবহণ নির্বিঘ্ন রাখতে পাঁচটি ট্রেনের একাধিক দিনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

পূজার ছুটিতে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডেও বাতিল করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত কোচ যুক্ত করা, ট্র্যাক ও সেতুর নিরাপত্তা জোরদার এবং প্রধান স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *