প্রায় এক দশক পর আবারও ভারতের মাটিতে পা রাখতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এবার তিনি আসছেন ব্রাজিলের বিশ্বতারকা হিসেবে, অথচ একসময় এই দেশেই এসেছিলেন উঠতি এক কিশোর হিসেবে। ফ্লামেঙ্গোর সেই তরুণ ভিনিসিয়াসের সঙ্গে আজকের তারকার ব্যবধানটাই যেন বলে দেয় তার উত্থানের গল্প।
৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ভিনিসিয়াসের সঙ্গে ব্রাজিলের হয়ে মাঠে দেখা যেতে পারে রাফিনিয়া, গ্যাব্রিয়েল ও এন্দ্রিকের মতো তারকাদেরও। তবে ভিনিসিয়াসের জন্য এই সফরের সঙ্গে জড়িয়ে আছে পুরোনো এক স্মৃতি।
২০১৬ সালের অক্টোবরে ভারতের গোয়ায় বসেছিল প্রথম ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপের আসর। সেই টুর্নামেন্টে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন ভিনিসিয়াস। প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনকে।
সেবার পুরো টুর্নামেন্টেই দারুণ ছন্দে ছিলেন তরুণ ভিনিসিয়াস জুনিয়র। চার গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তার পারফরম্যান্সে ভর করে সব ম্যাচ জিতে শিরোপাও ঘরে তোলে ব্রাজিল।
ভারতের বিপক্ষেও নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছিলেন ভিনিসিয়াস। ম্যাচটি ৩-১ গোলে জেতে ব্রাজিল। ৮২তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তখনকার সেই তরুণ ফরোয়ার্ড।
সেই সময় ভিনিসিয়াসের ঠিকানা ছিল ফ্লামেঙ্গোর যুব একাডেমি। ভারতে নিজের প্রতিভার জানান দেওয়ার পর খুব বেশি সময় লাগেনি বড় মঞ্চে পা রাখতে। পরের বছরই প্রায় ৪৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নেয় রিয়াল মাদ্রিদ।
এরপরের গল্পটা বিশ্ব ফুটবলেরই জানা। রিয়াল মাদ্রিদের হয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়াস। আর সেই পথচলার শুরুতে ভারতের মাটিতেও রেখে গিয়েছিলেন নিজের ছাপ।
২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। সেই টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে খেলার কথা থাকলেও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তাকে ছাড়েনি স্প্যানিশ ক্লাবটি।
প্রায় দশ বছর পর আবারও ভারত সফরে আসছেন ভিনিসিয়াস। পার্থক্য শুধু একটাই। সেবার তিনি ছিলেন সম্ভাবনাময় এক কিশোর, আর এবার আসছেন বিশ্ব ফুটবলের পরিচিত তারকা হয়ে।